ভার্চ্যুয়াল কোর্টে স্বস্তি পেয়েছে ৭২ হাজার বিচার প্রার্থী : আইনমন্ত্রী

২০ ডিসেম্বর, ২০২০ ১৯:১৭  
মামলাজট কমাতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে ভার্চুয়াল কোর্টের যে পদ্ধতি শুরু করেছে বিচারপ্রার্থী জনগণসহ আইনজীবীদের তা ব্যবহারে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রোববার (২০ ডিসেম্বর) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জিপি (সরকারি কৌঁসুলি) এবং পিপিদের (পাবলিক প্রসিকিউটর) জন্য অনলাইনে আয়োজিত ২২তম বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। করোনার অতিমারিতে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে ৭২ হাজার বিচার প্রার্থী বিচার পেয়েছেন বলে জানিয়ে ‘ভার্চ্যুয়াল সিস্টেম না থাকলে কিন্তু জীবনযাত্রা পথ বন্ধ হয়ে যেত’ বলেও মন্তব্য করেন আইন মন্ত্রী । তিনি বলেন, আমরা দেখেছি যতক্ষণ পর্যন্ত সেই ভার্চ্যুয়াল অ্যাক্ট না করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আদালত ও বিচার কাজ বন্ধ ছিল, আইনজীবীদের কাজও বন্ধ ছিল। ভার্চ্যুয়াল কোর্ট চালু হওয়ার পরে ৭২ হাজার লিটিগ্যান্ট পাবলিককে রিলিফ দেওয়া সম্ভব হয়েছে। এটা আমাদের একটা গর্বের বিষয়। ভার্চ্যুয়াল কোর্ট করার এই পদক্ষেপগুলো বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব মো. গোলাম সারওয়ার এবং ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন।